Dhaka Mail Logo

রাজনীতি

আ. লীগ নেতাকে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি করায় তুমুল বিতর্ক

জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আহাদকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। তাকে গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ তুলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করেছেন বোর্ডের এক কর্মকর্তা।

অভিযোগকারী সাবেক ছাত্রদল সভাপতি মামুন মিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, সভাপতি মনোনয়নের জন্য প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তিনজনের নাম প্রস্তাব করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠান। তালিকায় প্রথমে জিয়াউর রহমান আহাদ, দ্বিতীয়তে তার ভাই আশিকুর রহমান এবং তৃতীয়তে মামুন মিয়ার নাম ছিল।

গত ১৪ জুলাই শিক্ষা বোর্ডের আদেশে জিয়াউর রহমান আহাদকে সভাপতি মনোনয়ন দেওয়া হয়। এরপর মামুন মিয়া বোর্ডে লিখিত অভিযোগ করেন। তার দাবি, জিয়াউর রহমান আহাদ এরই মধ্যে একাধিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই ব্যক্তি একাধিক বিদ্যালয়ের কমিটিতে সভাপতি থাকতে পারেন কি না এবং মনোনয়ন প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা তদন্তের দাবি জানান তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের তদন্তকারী কর্মকর্তা ও বিদ্যালয় উপপরিদর্শক মো. আরিফুল হক সামন্তসার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

মো. আরিফুল হক বলেন, মামুন মিয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউর রহমান নামে একজনকে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তদন্তে এসেছি। সভাপতি নির্বাচনের জন্য তিনজনের নাম দেওয়া হয়েছিল। সেখানে জিয়াউর রহমানের নাম এক নম্বরে এবং অভিযোগকারীর নাম তিন নম্বরে ছিল। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমানের নাম এক নম্বরে দিয়েছি বিএনপি নেতাদের কথায়। আপনি বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেন।’

মামুন মিয়া বলেন, ‘৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতাকে শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির সভাপতি কীভাবে করা হয়? জিয়াউর রহমান আহাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন।’

তিনি আরও বলেন, সভাপতি মনোনয়নে নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, একই ব্যক্তি একাধিক বিদ্যালয়ের কমিটিতে দায়িত্ব পালন করছেন কি না এবং মনোনয়ন প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জিয়াউর রহমান আহাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এআর