নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের বিষয়টি কোরআন-সুন্নাহতে বিস্তারিতভাবে নির্ধারিত ও মীমাংসিত উল্লেখ করে এ বিষয়ে নতুন করে আইন প্রণয়ন করাকে কোরআন-সুন্নাহর সঙ্গে চ্যালেঞ্জের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ। একই সঙ্গে সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত ‘সম্পত্তি হস্তান্তর আইনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, উত্তরাধিকার সম্পত্তি কীভাবে বণ্টন হবে, সে বিষয়ে কোরআন-সুন্নাহতে বিস্তারিত নির্দেশনা রয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। তাই এ বিষয়ে নতুন করে আইন প্রণয়ন করা কোরআন-সুন্নাহর সঙ্গে চ্যালেঞ্জ করার শামিল।
তিনি বলেন, জীবদ্দশায় বাবা-মায়ের সম্পত্তি সন্তানদের মধ্যে লিখে দেওয়ার সুযোগ তৈরি হলে অনেক বাবা মেয়েসন্তানদের বঞ্চিত করে শুধু ছেলেদের নামে সম্পত্তি লিখে দিতে পারেন। এর ফলে মেয়েসন্তানরা তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকার বাবা-মায়ের নিরাপত্তা ও ভরণপোষণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আইন করছে, এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাবা-মা বৃদ্ধ হলে তাঁদের দেখভাল করবে সন্তানরাই। জমি-সম্পত্তি তাঁদের শারীরিক সেবা করতে পারবে না। সন্তান কুসন্তান হলে আইন করেও বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান। উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের বিষয়টি যখন কোরআন-হাদিসে নির্ধারিত, তখন এ বিষয়ে নতুন আইন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ধর্মীয় বিষয়ে আইন প্রণয়নের আগে আলেম-ওলামা ও ইসলামি স্কলারদের সঙ্গে পরামর্শের দাবি জানান তিনি। মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, ‘কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন আমরা মানব না।’
রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রাষ্ট্রপতি হিসেবে তিনি যেন এ আইনে স্বাক্ষর না করেন। একই সঙ্গে দ্রুত আইনটি প্রত্যাহার করে ইসলামি স্কলারদের সঙ্গে পরামর্শের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, একই স্থানে পৃথক মিছিল করেছে খেলাফত মজলিস। দলটির নেতা ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এমআর/এআর