Dhaka Mail Logo

রাজনীতি

শহীদ জিয়ার বিএনপিকে অপশক্তির হাত থেকে রক্ষা করব: দুলু

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষায় নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারেনি। বরং সময়ের সঙ্গে দলটি আরও জনপ্রিয় হয়েছে। দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই বিএনপি জয়লাভ করেছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমৃত্যু বিএনপির প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন ও গণহত্যার শিকার ব্যক্তিদের কথা উল্লেখ করে দুলু বলেন, যারা এসব নির্যাতনের শিকার হয়েছেন, তারাই একদিন এসব অপরাধের বিচার নিশ্চিত করবেন। খুনী হাসিনার অপরাধের বিচার এ দেশের মাটিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

দুলু বলেন, শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে সংগ্রাম করে যাচ্ছে। একই সঙ্গে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করছে। এই যাত্রায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে সভায় দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এম/এএইচ