Dhaka Mail Logo

রাজনীতি

‘মদিনা সনদে দেশ চালানোর কথা বলে বিএনপি কোরআনবিরোধী আইন করেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলে বিএনপি ক্ষমতায় গিয়ে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না, মদিনা সনদে দেশ পরিচালনা করবে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে।’

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে বর্তমান সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, এর করুণ পরিণতি সরকারকে ভোগ করতে হবে।

ইসলামের বিধান নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করে আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই, যার কারণে আপনি সংসদে দাঁড়িয়ে ইসলামী বিধানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধানের বিপক্ষে গিয়ে মনগড়া আইন তৈরি করছেন।’

তিনি কোরআন ও সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সংসদে শুধু কোরআন-সুন্নাহবিরোধী দুটি আইনই পাস করা হয়নি, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনও পাস করা হয়েছে। এসব আইনকে তিনি ‘গণবিরোধী’ ও ‘কালো আইন’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এই সরকার ইসলামবিরোধী সরকার এবং গণবিরোধী সরকার। সরকারের যদি ফ্যাসিবাদ হওয়ার খায়েশ না থাকে, তাহলে দ্রুত মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ আইন এবং কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিল করতে হবে।’

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার জনগণের পালস বুঝতে চায় না। সংসদে থাকা দায়িত্বশীল বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করা হয়েছে। আইনমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন, তার পর তাঁর আইনমন্ত্রী থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেকোনো আইন পাসের আগে বিজ্ঞ আলেমদের পরামর্শ নেওয়া এবং বিরোধী দলের সঙ্গে আলোচনা করা উচিত।

সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার, কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার করতে হবে।’ তিনি ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়ন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে পিতা-মাতার প্রতি যতœবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইন প্রণয়ন করে পিতা-মাতার অধিকার নিশ্চিত করা যাবে না। একইসঙ্গে কোরআন ও সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

টিএই/এএইচ