Dhaka Mail Logo

রাজনীতি

জামায়াতের আপত্তি: সংসদের কোনো কমিটিতে ঠাঁই হলো না গাজী নজরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

জামায়াতে ইমলামীর আপত্তির মুখে জাতীয় সংসদের কোনো কমিটিতেই ঠাঁই পেলেন না নৈতিক স্খলনের অভিযোগে দলটি থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করে সরকার। 

তবে সেই কমিটিতে বিতর্কিত এমপি গাজী নজরুলকে রাখার প্রস্তাবে আপত্তি জানান খোদ বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নৈতিকতার দিক থেকে গাজী নজরুলকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা হলে সেটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। 
 
পরে বিরোধী দলীয় নেতার সেই আপত্তিতেই গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়। 

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ায় তার এমপি পদ শূন্য করা যেতে পারে। 

এদিন জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো- কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটি। এসব কমিটির কোনো কোনোটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

সোমবার সংসদে প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আর পিটিশন সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। নতুন চারটি কমিটি গঠনের পর এ পর্যন্ত ৪০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৯টি বিষয়ভিত্তিক কমিটি।

প্রসঙ্গত, গত জুলাইতে এমপি গাজী নজরুলের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তোলপাড় শুরু হয়ে যায় সবখানে। চলতে থাকে নানা আলোচনা-সমালোচনা। একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিক কীভাবে এমন কাজ করতে পারেন, ওঠে সেই প্রশ্ন।

এদিকে গাজী নজরুল যেহেতু জামায়াত থেকে নির্বাচিত এমপি ছিলেন, তাই তার বিরুদ্ধে শুরু হয় দলীয় তদন্ত। সেই তদন্তে গাজী নজরুলের নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।

টিএই/এএইচ