Dhaka Mail Logo

রাজনীতি

ভোটার এলাকা পাল্টালেন আসিফ ও পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ ফেসবুকে দেওয়া এক পোস্টে এবং পাটওয়ারী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন।  

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টে আসিফ জানিয়েছেন, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন তিনি। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তার আবেদন অনুমোদন করে নির্বাচন কমিশন।

অন্যদিকে গণমাধ্যমে পাঠানো নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগে ঢাকা তিনি উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রসঙ্গত, আসিফ মাহমুদ সাবেক অন্তর্র্বতী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হন এবং বর্তমানে দলটির মুখপাত্র। 

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে এনসিপির প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।  

অন্যদিকে নানা কারণে আলোচিত নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ সামলাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে দলটির প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কাছে হেরে যান। 

এএইচ