Dhaka Mail Logo

রাজনীতি

নাগরিক সেবা নিশ্চিতে সরকার ও বিরোধী এমপিরা যৌথভাবে ব্যর্থ: ফজলুল করীম

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার ও বিরোধীদলীয় এমপিরা যৌথভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

নাগরিক সেবা নিশ্চিত করতে হলে প্রচলিত নেতৃত্বের বাইরে বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা করার উপর গুরুত্বারোপও করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জুরাইন বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫৪ নম্বর ওয়ার্ড সম্মেলন এবং বাদ মাগরিব বামৈল ঈদগাহ ময়দানে ৬৬ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণের বাসিন্দাদের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, রাস্তায় ময়লা-আবর্জনা, মশার উপদ্রব, দুর্গন্ধ, নিরাপত্তাহীনতা, দূষিত পানি ও বায়ুর কারণে রাজধানীতে থেকেও মানুষ মানবেতর জীবনযাপন করছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে লোডশেডিং ও গ্যাসের তীব্র সংকট।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের পর নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু ৫৪ ও ৬৬ নম্বর ওয়ার্ডের বাস্তবতায় নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার ও বিরোধীদলীয় এমপি উভয়েই ব্যর্থ হয়েছেন। এ দুটি ওয়ার্ড বিরোধীদলীয় এমপির নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত।’

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সরকার নাগরিকদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে ভ্যাট-ট্যাক্স আদায় করছে এবং নাগরিক সেবার জন্যও অর্থ নিচ্ছে। কিন্তু সেই অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে না। ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন লাইসেন্স নিতে গিয়ে নাগরিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে।’

তিনি বলেন, ‘অনেক এলাকায় সড়কবাতি জ্বলে না, নিয়মিত ময়লা পরিষ্কার করা হয় না। ছিনতাই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এবং মাদকের বিস্তারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিলোত্তমা ঢাকা এখন বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে।’

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, ‘ঢাকা শহরকে বসবাসযোগ্য করে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, মাওলানা আব্দুর রাজ্জাক, নগর সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি তরিক মাসউদ ও মাওলানা বেলাল হোসাইন আরিফ।

এমআর/এএম