Dhaka Mail Logo

রাজনীতি

শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

১২ ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, অর্থনীতি ও সুশাসনসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

jamat_2সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।...আপনারা বলতেছেন এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

jamatলংমার্চের পথে কোনো বাধাকেই পরোয়া করা হবে না জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। জাতীয় সংসদে সমানভাবে এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠা না হবে।’

সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের বক্তব্যের পর চট্টগ্রামের উদ্দেশে লং মার্চের বহর রওনা হয়।

jamat_3লং মার্চের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ১২ ফেব্রুয়ারির গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা হবে। প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে।

লং মার্চের শেষ গন্তব্য চট্টগ্রামের লালদিঘি ময়দান। সেখানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমআর