Dhaka Mail Logo

রাজনীতি

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু, লোকারণ্য শাপলা চত্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের সমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টায় এ সমাবেশ শুরু হয়। এরইমধ্যে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় লংমার্চে অংশ নিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে লোকারণ্য হয়ে উঠেছে।

সমাবেশ শেষে ৮টার দিকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের নেতৃত্বে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ রওনা দেওয়ার কথা রয়েছে। লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ-এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এ লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে।

795462132_1063609000002066_7875720611115585374_n
শাপলা চত্বর ও আশপাশের এলাকায় লংমার্চে অংশ নিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে লোকারণ্য হয়ে উঠেছে। ছবি: ঢাকা মেইল

এর আগে শুক্রবার বিকেলে শাপলা চত্বরে লংমার্চের সমাবেশস্থল ও মঞ্চের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ছয় দফা দাবি জনগণের দাবি। এসব দাবি আদায়ের লক্ষ্যে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, শনিবারের কর্মসূচি লংমার্চের প্রথম ধাপ। দাবি আদায় না হলে আগামী দিনে আরও বড় কর্মসূচি ঘোষণার ক্ষেত্র প্রস্তুত করা হবে। পরবর্তী সময়ে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

793899893_1701298178661938_7642642036691901356_n

নূরুল ইসলাম বুলবুল বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে লংমার্চ কর্মসূচি সফল করতে সরকার, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।

শনিবারের লংমার্চ ঘিরে সকাল থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

টিএই/এমআই