নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
দেশের চলমান জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস ও মূল্যস্ফীতির সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, সংকটের জন্য নানা কারণ দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। সমাধান করতে না পারলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের পর ছয় মাস অতিবাহিত হলেও সরকার কোনো সংকটের কার্যকর সমাধান করতে পারেনি। বরং জনগণকে নতুন নতুন সংকটের মুখোমুখি হতে হচ্ছে। সরকারের এমন কোনো কার্যক্রমও দেখা যাচ্ছে না, যাতে জনগণ আশ্বস্ত হতে পারে।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে। হাজার হাজার মানুষ বেকার হচ্ছে। বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে রান্না ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যাচ্ছে।
বেকারত্ব ও সংকটের প্রভাবে চুরি, ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও দাবি করেন তিনি। এতে নগরজীবনে আতঙ্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন আইএবি মহাসচিব।
সরকার সংকটের জন্য ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন গাজী আতাউর রহমান। একই সঙ্গে আগের সরকারের ওপর দায় চাপিয়েও বর্তমান সরকার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করেন। দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। সংকটের সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
গাজী আতাউর রহমান আরও বলেন, এত সংকটের মধ্যেও সরকার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করেছে। তার অভিযোগ, এসব উদ্যোগের মাধ্যমে দলীয় লোকজনকে দুর্নীতি করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সংকট উত্তরণে ছয় মাসেও সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা দেখা যায়নি। এতে তারা হতাশ হয়েছেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাষ্ট্রের সংকটের কারণ যাই হোক, তা সমাধান করা সরকারের দায়িত্ব। কোনোভাবেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, রাষ্ট্রের সংকট সমাধান হতেই হবে। সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিন।
নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, দেশকে সংকটের মধ্যে ফেলে সরকার কোনো সমাধানের পথ বের করছে না। সবকিছুর জন্য আগের সরকারের দোহাই দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা পরিত্যাগ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ ফুঁসে উঠলে আপনাদের গদিও কিন্তু ঠিক থাকবে না।
কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসান প্রমুখ।
সমাবেশ শেষে জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
জেবি