Dhaka Mail Logo

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৭৮ সালের আজকের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা পার্কে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন। পরবর্তীতে তার মৃত্যুর পর দলের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া।

দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা ও রাজপথের নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসে বিএনপি।

শ্রদ্ধা নিবেদনের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

আরও ছিলেন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ মো. নেসারুল হক, আশরাফ উদ্দিন খান উজ্জ্বল,মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সাত্তার পাটোয়ারি‍, সংসদ সদস্য মীর শাহে আলম, হাবিবুর রশীদ হাবিব, এসএম জাহাঙ্গীর, যুব দলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ওলামা দলের মাওলানা কাজী মো. সেলিম রেজা, মাওলানা কাজী মো. আবুল হোসেন, জাসাসের জাকির হোসেন জাকির, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির প্রমুখ।

Screenshot_2026-09-01_094402

তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী নিরাপত্তা বেষ্টনি তুলে নেওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। নেতাকর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি শ্লোগানে মুখর ছিল শেরে বাংলানগর সমাধি প্রাঙ্গণ।

ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল. তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এ্যাব, ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতা-কর্মীরা প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায়।

এর আগে মঙ্গলবার ভোরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ ছাড়া রয়েছে রাজধানীতে কেন্দ্রীয় আলোচনা সভা আগামী ৫ সেপ্টেম্বর।

বিইউ/এমআই