ঢাকা মেইল ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বক্তাদের অংশগ্রহণের কথা থাকায় ভারতের নয়া দিল্লিতে ইউরোপ-এশিয়া সম্পর্কবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার শেষ মুহূর্তে বাতিল হয়েছে। কিছু বিতর্কের কারণ দেখিয়ে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে আয়োজকদের দাবি। তবে দিল্লি পুলিশ অনুষ্ঠানটিতে কোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নয়া দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (এফসিসি) মিলনায়তনে ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু পার্টনারশিপ অ্যান্ড প্রসপারিটি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন ও এফসিসি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছিল।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত বীণা সিক্রি, ঢাকায় নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা নুরোন্নবী এবং চেক রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য অনদ্রেজ দোস্তালের অংশ নেওয়ার কথা ছিল। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের মহাসচিব এএফএম গোলাম জিলানীরও বক্তা হিসেবে থাকার কথা থাকলেও ভিসা না পাওয়ায় তিনি ভারতে যেতে পারেননি।
আয়োজকদের দাবি, অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়ে এফসিসি কর্তৃপক্ষ তিলক মার্গ থানায় চিঠি দিয়েছিল। পরে চিঠিটি হাতে লেখা একটি মন্তব্যসহ ফেরত দেওয়া হয়। সেখানে কিছু বিতর্কের কারণে অনুষ্ঠানটির অনুমতি দেওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের ভিন্ন সুর!
নিউইয়র্কে বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান
ঘটনায় এফসিসি ও হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, খুব অল্প সময়ের নোটিশে দিল্লি পুলিশের হস্তক্ষেপের কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে উপযুক্ত সময়ে অনুষ্ঠানটি আয়োজনের আশাবাদও জানানো হয়।
এফসিসির সভাপতি ওয়ায়েল আউয়াদ ও হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন বিবৃতিতে বলেন, ইউরোপ-এশিয়া সম্পর্ক, শান্তি, সমৃদ্ধি, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও ইতিবাচক আন্তর্জাতিক সংলাপ এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
তবে দিল্লি পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। নয়া দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ শচীন শর্মা ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেন, এফসিসিতে কোনো প্যানেল আলোচনা আয়োজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না এবং পুলিশ তাদের কোনো কর্মসূচিতে হস্তক্ষেপ করেনি।
তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ার-এর হাতে আসা একটি নথিতে তিলক মার্গ থানার পক্ষ থেকে এফসিসিকে অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সঙ্গে অতীতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রমে অংশগ্রহণের তথ্যও সামনে এসেছে।
জেবি