Dhaka Mail Logo

রাজনীতি

সংকট মোকাবিলায় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দিন দিন প্রকট হচ্ছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের মন্তব্য, ‘সংকট মোকাবিলায় টেকসই ও কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিজেদের ব্যর্থতা আড়াল করতে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তারা অতীতের সরকারের ওপর দায় চাপাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস অতিক্রম করলেও জাতীয় সংকট নিরসনে এখনো টেকসই কোনো নীতিমালা প্রণয়ন করতে পারেনি।’

চরমোনাই পীর বলেন, ‘দেশে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। মাদকের বিস্তারে ছাত্র ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। নীতি-নৈতিকতাহীন ও অমানবিক সমাজব্যবস্থার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।’

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এছাড়া বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতারা শপথ নেন। কমিটিতে সভাপতি হিসেবে আতিকুর রহমান মুজাহিদ এবং সেক্রেটারি হিসেবে মাওলানা নুরুল ইসলাম নাঈমের নাম ঘোষণা করা হয়।

মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এতে দেশবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিকারে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মুফতি ওয়ালীউল্লাহ, অধ্যক্ষ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, ডা. মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল-মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন, মুফতি নিজাম উদ্দীন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি আরমান হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/এএইচ