Dhaka Mail Logo

রাজনীতি

ক্ষমতা চিরস্থায়ী নয়, অতীত থেকে শিক্ষা নিতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

ক্ষমতা চিরস্থায়ী নয়, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসাইন মানিক মিয়া হলে এবি পার্টির উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা গণহত্যা ও গুমের বিরুদ্ধে বাংলাদেশ: জবাবদিহিতা, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রত্যয়’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশে গুমের ইতিহাস দীর্ঘ। মুজিব আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ে মানুষ গুমের শিকার হয়েছে। শহীদ বুদ্ধিজীবী ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান নিখোঁজ হয়েছিলেন আমরা এখনো তাকে পাইনি। নতুন বাংলাদেশে আর গুম দেখতে চাই না। গুমের সংস্কৃতির স্থায়ী অবসান ঘটাতে হবে। গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে কার্যকর আইন ও স্বাধীন তদন্ত ব্যবস্থা থাকা প্রয়োজন।

প্রস্তাবিত গুমবিরোধী আইন প্রসঙ্গে ফুয়াদ বলেন, নতুন আইনে কিছু নতুন বিষয় থাকলেও এটি অনেকাংশে ২০০৯ সালের আইনের মতো মনে হচ্ছে। গুমসহ রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে স্বাধীন পুলিশ তদন্ত কমিশন গঠন করতে হবে। বিএনপিকে মনে রাখতে হবে, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কথা ভাবতে হবে।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গুমের সংস্কৃতির অবসান ঘটাতে হলে শুধু আইন করলেই হবে না। স্বাধীন তদন্ত ব্যবস্থা, জবাবদিহিতা এবং নির্দেশদাতাসহ প্রত্যেক দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

সেমিনারে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, এফএসডিএসের চেয়ারম্যান ফজলে এলাহী আকবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান এবং বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রশিল্পী শহীদুল আলম।

এ ছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সড়ক ও জনপথ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ আলম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্যসচিব রাশিদা আক্তার মিতু ও রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ মানবাধিকারকর্মী, সাংবাদিক, গবেষক, আইনজীবী, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এএইচ/এফএ