Dhaka Mail Logo

রাজনীতি

হাদির হত্যা: ১৮ ডিসেম্বর শাহবাগে লাখো মানুষের সমাবেশ করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

আগামী ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির শাহাদাতবার্ষিকীতে রাজধানীর শাহবাগে লাখো মানুষের সমাবেশ করে তার হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্য প্রদানকালে এই ঘোষণা দেন তিনি।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘দীর্ঘসূত্রতা ও নানা টালবাহানায় ওসমান হাদি হত্যার বিচারপ্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’

তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে চরমোনাইয়ের পীরের অগ্রণী ভূমিকা ছিল। শহীদ ওসমান হাদি বেঁচে থাকাকালে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু নানা তালবাহানা করে ওসমান হাদি হত্যার বিচারপ্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে।’

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা আর কর্মসূচি দেব না। আগামী ১৮ ডিসেম্বর, ওসমান হাদির শাহাদাতবার্ষিকীতে শাহবাগে লাখো মানুষের সমাবেশ করে তার হত্যার বিচার নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী চার মাসে কীভাবে হত্যাকারীদের ফিরিয়ে আনা হবে এবং কীভাবে তাদের বিচার করা হবে, সেটা সরকারই জানে। তবে নির্ধারিত সময়ের মধ্যে হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’

এমআর/এএম