Dhaka Mail Logo

রাজনীতি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তে উলামায়ের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি, নিখোঁজ এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানি এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুঃখ-কষ্টে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ চিকিৎসা, খাদ্য, আশ্রয় ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে নেপাল সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ ভয়াবহ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও দ্রুত পুনর্বাসনের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করেন।

তারা বলেন, মানবিক এই বিপর্যয়ের মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য এক কঠিন পরীক্ষা। এ সময় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সংহতি প্রকাশ করছে।

এমআর/এমআই