জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। লংমার্চ চলাকালে চারটি সড়কে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতারা পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ অন্যরা।
আরও পড়ুন: রাজপথ নিরাপদ না করলে ক্ষমতার প্রাসাদও নিরাপদ হবে না: গয়েশ্বর
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবিতে আমরা লংমার্চ ঘোষণা করেছি।’
তিনি বলেন, ‘সারা দেশে চারটি রোডে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে লিখিতভাবে আমরা আইজিপিকে জানিয়েছি। তারা খোলামেলা আলোচনা করেছেন। চারটি রোডে লংমার্চের পথ এবং পথসভার স্থান সম্পর্কে আমরা তাদের অবহিত করেছি এবং প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘তারা লংমার্চ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করছি, আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাব।’ তিনি বলেন, ‘আমরা জনগণের সঙ্গে আছি।’
টিএই