জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের সাবেক কোনো শীর্ষ নেতা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গত ২০ আগস্ট রুহুল কবির রিজভী দায়িত্ব পাওয়ার পর থেকেই বিএনপির সাবেক ও বর্তমান তরুণ নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের ঢল দেখা গেছে।
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শেরেবাংলা নগর এলাকায় জমায়েত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে রুহুল কবির রিজভী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুরো প্রাঙ্গণ বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল সমাবেশে পরিণত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ কর্মসূচিতে বিএনপি নেতা আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব-উন-নবী খান সোহেল, আমিনুল হক, আমিরুল ইসলাম খান আলীম, মাহবুবুর রহমান নান্নু, মুনীর হোসেন, রফিকুল আলম মজনু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন এবং ফজলুর রহমান খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নিরবও নিজ সমর্থকদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
বিইউ/এআর