জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরে তিনি বলেন, একের পর এক অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না।
রোববার (২৩ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গত রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী।
জামায়াত আমির বলেন, গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক।
সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি করার পর তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছেও একইভাবে চাঁদা দাবি করে হামলা করা হয়েছে। সর্বশেষ রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনা ঘটল।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, একটার পর একটা অপরাধ সংঘটিত হয়ে চলেছে। কিন্তু ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করছে। এ হতাশা থেকে জনগণকে রক্ষা করতে হবে।
সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে সমাজে সচেতনতা সৃষ্টিরও আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, সরকারকে তার ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করতে হবে।
সবাইকে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশের জনগণকে এসব অপরাধের হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
টিএই/এএস