নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
একই সঙ্গে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়াও করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হলেও রাষ্ট্রপতির পদটি দলীয় বৃত্তের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্য ও সর্বজনের আস্থার প্রতীক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে বিএনপির মহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।’
পীর চরমোনাই বলেন, ‘নবনির্বাচিত রাষ্ট্রপতি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন, এটাই প্রত্যাশা। দেশ ও জাতির স্বার্থে তিনি নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।’
তিনি বলেন, ‘রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজনবিদিত।’
মুফতি রেজাউল করীম আরও বলেন, ‘এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবনে যাচ্ছেন, সেই আশাবাদকে বাস্তবে রূপ দিতে পারবেন বলে আমরা প্রত্যাশা করি। নবনির্বাচিত রাষ্ট্রপতির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।’
এরআগে এদিন ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফলে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন দল বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।
এমআর/এএম