নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের যে ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা ছিল, তারই ধারাবাহিকতায় বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সরকার নির্বাচনের পর থেকেই বলে আসছে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু মুখে এমন কথা বললেও তাদের প্রতিটি কার্যক্রমে পুরোনো ধারাবাহিকতাই দেখা যাচ্ছে। ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায়ই বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন জনগণের কাছে আরেকটি বার্তা দিচ্ছে— এই সরকার মুখে জুলাই সনদ, গণভোট ও সংস্কারের কথা বললেও বাস্তবে পুরোনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতাই বজায় রাখছে।’
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আজ জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এই নির্বাচনে সরকারি দল এবং বিরোধী দলীয় জোটের প্রার্থী রয়েছেন। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের পর গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংস্কার প্রস্তাবনায় যে ঐকমত্য হয়েছিল, সেই অনুযায়ী নির্বাচন হবে— এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না। ফলে সংস্কারের আকাঙ্ক্ষা ধাক্কা খেয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারপরও আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি। কারণ আমরা কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন চাইনি। সরকারি দল যেন এককভাবে তাদের দলীয় কোনো প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, সেজন্যই আমরা প্রার্থী দিয়েছি।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘জনগণের কাছে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার লক্ষ্যেই আমরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে এবং এতে অংশগ্রহণ করেছি।’
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
এম/এফএ