জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম
সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো ধরনের স্বার্থ ও শর্ত ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা জানান রিজভী।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে কোনো ধরনের শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না।

তিনি জোর দেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলেও জানান রিজভী।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বললেন, কোনো দেশের সঙ্গে সম্পর্কের আড়ালে যদি বিশেষ কোনো শর্ত থাকে, তাহলে সেটিকে বন্ধুত্ব বলা যায় না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার মাধ্যমেই প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, কোনো ধরনের স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে। কিন্তু সম্পর্কের পেছনে যদি কোনো স্বার্থ বা শর্ত থাকে, তাহলে বাংলাদেশ তা মেনে নেবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
বিইউ/জেবি