Dhaka Mail Logo

রাজনীতি

একমাত্র বোন হারালেন শায়রুল কবির, মির্জা ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দলটির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলী খানম (৫৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্রতিবেশীদের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেশত নসিব করেন।’

শোকবার্তায় শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন মির্জা ফখরুল এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শিউলী খানম।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে প্রথমে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।

শিউলী খানম মাদরাসায় পড়াশোনা করেছেন এবং গৃহিণী ছিলেন। তিনি স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শিউলী খানমের স্বামী নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। বড় মেয়ের স্বামী বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কর্মরত। এক ছেলে পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের বাসা নেত্রকোনা জেলা শহরে।

জানা গেছে, আজ (বুধবার) বাদ জোহর নেত্রকোনা জেলা বড় জামে মসজিদে শিউলী খানমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নেত্রকোনা জেলা সদর পৌরসভা কবরস্থানে দাফন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে শায়রুল কবির খান দেশবাসীর কাছে তার বোনের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

বিইউ/এএইচ