Dhaka Mail Logo

রাজনীতি

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলছে সরকার: নাহিদ ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে বিরোধী দলের গণতান্ত্রিক প্রতিবাদকে সরকার ‘হঠকারিতা’ হিসেবে অভিহিত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলা হয়, তখন মনে হয় দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রটেস্ট করছি, কিংবা যখন বলছি গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, সরকারের পক্ষ থেকে তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এমনটা বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষ ভূমিকা চাই।

দেশের গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকট ঠেকাতে হবে আপনাদের-আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলেই যথেষ্ট।

আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ জুলাইয়ের রাজপথে থাকা সাংবাদিকরা আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

টিএই/এফএ