Dhaka Mail Logo

রাজনীতি

খালেদা জিয়ার অনুপ্রেরণা সবসময় আমাদের অনুপ্রাণিত করবে: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ১২:২৪ এএম

বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে বিএনপির যে অর্জন, একটি গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক দল হিসেবে দীর্ঘ সংগ্রাম-লড়াই করে বিএনপি যে সত্যিকারের একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই বেগম খালেদা জিয়া।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, নিজের প্রশ্নে আপস না করা, দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়ার এই মহান নেত্রী আজ আমাদের মাঝে নেই। তার অনুপ্রেরণা সবসময় নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।’

তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, যে দল সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা—এই সরকার দেশের জন্য বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন-২০৩০ দিয়েছিলেন এবং পরবর্তীকালে তার দলের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ন রাখবে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএম