Dhaka Mail Logo

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন ৪ মুখ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

সরকারি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমানসহ চারজন। অন্য দুজন হলেন- ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার ও সাবেক সরকারি কর্মকর্তা ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘সবুজ সংকেত’ পেলেই ছাত্রদলের নতুন কমিটি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম। ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি—মধ্যরাতে রাকিবের ফেসবুক পোস্ট

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরে সদস্যদের মৃত্যু ও পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।

স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া এই চার নেতা তাদের মেধা, বিচক্ষণতা ও সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে মনে করছে বিএনপি।

বিইউ/এএইচ