Dhaka Mail Logo

রাজনীতি / সারাদেশ

বর্তমান সরকার স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে: জামায়াত

জেলা প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার গণভোটে জনগণের রায়কে উপেক্ষা করে স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে। এভাবে জনগণের মতামত উপেক্ষা করা হলে জনগণের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব নেতাকর্মীকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। এতে জনগণ দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বিরত রাখা হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে অসংখ্য মানুষের জীবনদানের পরও সরকার বৈষম্য নিরসন না করে তা আরও বাড়িয়ে দিচ্ছে।’

তিনি বলেন, ‘মেধার পরিবর্তে নতুন পদ্ধতি তৈরি করে শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রতিষ্ঠানের কমিটির হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। এর মাধ্যমে দুর্নীতি বৃদ্ধি পাবে এবং মেধাবীরা অবমূল্যায়িত হবেন। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণ কোনোভাবেই এটি মেনে নেবে না।’

জামায়াতের এ নেতা বলেন, ‘দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এই জীবনকে কাজে লাগিয়ে পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে। জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে। রুকনদের বেশি বেশি কোরআন অধ্যয়ন করা দরকার। পারিবারিক জীবনে পরিশুদ্ধতার জন্য পরিবারের দিকে বিশেষ নজর দিতে হবে। হিম্মত নিয়ে আন্দোলনের কাজে ভূমিকা রাখতে হবে। সাহস নিয়ে আল্লাহর ওপর ভরসা করে কাজ করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।’

মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার। মহানগরী শাখার ষান্মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, আব্দুস সত্তার, শামীম কবির, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।

প্রতিনিধি/এমআই