Dhaka Mail Logo

রাজনীতি

ভাটারায় বাসা থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এম ব্লকের রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষসহ ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ১৫ আগস্ট সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে তারা সেখানে সমবেত হয়েছিলেন। তাদের কাছে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। গ্রেফতারের সময় একটি ব্যানার জব্দ করা হয়। তাদের পরনে সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সেখানে আওয়ামী লীগের বড় নেতাদেরও আসার কথা ছিল। তবে তারা আসার আগেই পুলিশ অভিযান চালায়।

এআর