জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকালে জামায়াতের কার্যালয়ে এই বৈঠক হয়। এতে আইআরআই’র সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আইআরআইয়ের পক্ষ থেকে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির জরিপের ফলাফল ব্রিফিং করার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, টেকনিক্যাল এডভাইজর অমিতাভ ঘোষ ও রুকসানা হক উপস্থিত ছিলেন।
অন্যদিকে জামায়াতের পক্ষে বৈঠকে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মুনির, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে জরিপে উঠে আসা বিভিন্ন বিষয় ও এর সম্ভাব্য প্রভাব এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়।
আইআরআই জরিপের ফলাফলে বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে।
এসময় জামায়াতের পক্ষথেকে আইনজীবী শিশির মনির বিগত নির্বাচনে তাদের অভিজ্ঞতা এবং আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য জামায়াতের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশমালাও সফররত আইআরআই প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেন।
এএম/