Dhaka Mail Logo

রাজনীতি

জাতির সঙ্গে কখনো বেঈমানি করব না: কর্নেল অলি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেঈমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারব বা জিতব এটা প্রশ্ন না, জনগণের স্বার্থ রক্ষার জন্য সবসময় পাশে দাঁড়াব।’

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এক বৈঠকে অলি আহমদকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি এ সময় জোটের নেতাদের পাশাপাশি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে এবং তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ না থাকায় ১১ দলের নেতারা সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করেছেন।

তিনি বলেন, ‘আমি ১১ দলের সকলের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিধায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে।’

কর্নেল অলি বলেন, জনগণের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারা কখনোই বেঈমানি করবেন না। নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য।

এসময় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
টিএই/এএইচ