Dhaka Mail Logo

রাজনীতি

ক্ষমতায় বসলে সবাই অতীত প্রতিশ্রুতি ভুলে যায়: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

সরকারি দলের নেতাদের নিজেদের প্রতিশ্রুত ৩১ দফা বারবার পড়ার এবং সপ্তাহে অন্তত একবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের অনুরোধ জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর অভিযোগ, ‘ক্ষমতায় বসলে সব দলই অতীত প্রতিশ্রুতি ভুলে যায়।’ 

তিনি বলেন, ‘এ জন‍্যই আমরা সবাই মিলে একটা সনদ তৈরি করতে চেয়েছিলাম, যাতে ক্ষমতায় যেই যাবে, সে যেন এটা রক্ষা করতে বাধ্য হয়। কিন্তু বিএনপি মৌলিক বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে জটিলতা তৈরি করে।’ 

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা বারবার বলছেন, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন।’ তার প্রশ্ন, ‘আপনাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা?’

তিনি সভায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার প্রথম দফা পাঠ করে শোনান, যাতে প্রতিহিংসা ও প্রতিশোধের পথ পরিহার করার কথা বলা হয়েছে। 

2

হবিগঞ্জে ছাত্রদলের হামলায় কিশোর আলিফের চোখ উৎপাটন এবং ঢাকা আলীয়া মাদরাসায় হামলায় জানালার কাঁচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরে মঞ্জু বলেন, ‘সামান‍্য রাজনৈতিক সমলোচনার বিরুদ্ধে যারা এত আগ্রাসী মনোভাব পোষণ করেন, তাদের কোনো কথারই বিশ্বাসযোগ্যতা নাই।’ 

ফ‍্যাসিবাদী আওয়ামী শাসনের দুঃসহ স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন, ‘তারা জুলুম নিপীড়ন করে সকল রাজনৈতিক দলকে দুর্বল করে দিয়েছিল। যদি জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে দুই মাসের মধ‍্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতো।’ 

‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত‍্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সোবহানী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহার প্রমুখ।

এএইচ