Dhaka Mail Logo

রাজনীতি

বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

ভারতের বাংলাদেশ নীতির সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  ভারতের বাংলাদেশ নীতির পরাজয় ঘটলেও তা থেকে ভারতের নীতিনির্ধারকেরা কোনো শিক্ষা গ্রহণ করেনি। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত বাস্তবে দ্বিমুখী নীতি কৌশল অবলম্বন করেছে। মোদি সরকার একদিকে ভ্রাতৃত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে চাপে রাখতে বাংলাদেশের বিরুদ্ধে তারা হাসিনা কার্ড খেলতে শুরু করেছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে  নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দেশি-বিদেশি সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিরোধ করে গণঅভ্যুত্থানের অর্জনকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাইফুল হক বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদেরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক সমাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বিশেষ কোনো শক্তি  বা গোষ্ঠীর সংকীর্ণ এজেন্ডা বাস্তবায়নে তারা জীবন বিলিয়ে দেননি।’

তিনি বলেন, ‘২৪-এর এই অভূতপূর্ব গণঅভ্যুত্থানে মালিকানা প্রতিষ্ঠায় যারা এটাকে প্যাটেন্ট করার চেষ্টা করছেন তারা এই অভ্যুত্থানের আত্নাকে ধারণ করতে পারেননি, এদের উদ্দেশ্য ভালো নয়।’

ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, ‘গত দুই বছরে অর্থনৈতিক  ও সামাজিক বৈষম্য, চাকুরিচ্যুত, কর্মহীনতা আরও বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন জীবিকা এখনও নিরাপদ হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো হলেও শ্রমিকদের জন্য এখনও জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই  দেশে আজ গ্যাস বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে।’ তিনি জ্বালানির ক্ষেত্রে  বিদেশ নির্ভরতা কাটিয়ে উঠতে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, প্রধান বক্তা রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য  রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা কমিটির সম্পাদক শেখ মোহাম্মদ শিমুল,  মীর রেজাউল আলম, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাস্টার আনিসুর রহমানসহ জেলা কমিটির নেতারা বক্তব্য দেন।

এএম