ঢাকা মেইল ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম
জুলাই আন্দোলনের সফলতার পেছনে পরিচিত সরকারবিরোধী রাজনৈতিক নেতা ও দলগুলোর সরাসরি রাজপথে না আসা একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বুধবার (৫ আগস্ট) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক ফেসবুকে লেখেন, ‘জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলসমূহ ও নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে ময়দানে অবতীর্ণ হয়নি। এই অবতীর্ণ না হওয়াটাই ছিল ধাপে ধাপে জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনের অন্যতম স্ট্র্যাটেজি। বিশেষত যারা আওয়ামী লীগ সরকার বিরোধী হিসাবে পরিচিত মুখ ছিলেন, তারা আন্দোলনের সফলতার স্বার্থেই সামনে আসেননি। আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতৃবৃন্দও সরকার বিরোধী পরিচিত রাজনৈতিক মুখগুলোকে রাজপথে না আসার অনুরোধ করেছিলেন। যেন আওয়ামী সরকার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে।’

তিনি বলেন, ‘এই স্ট্র্যাটেজি (কৌশল) কিছু দল অনুসরণ করেনি। বরং তাদের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি মাঠে নেমেছিলেন। সেটাকে আমরা তখনই কৌশলগত ভুল মনে করতাম। আমরা পরিচিতজন নিজেরা মাঠে না নেমে আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রজনতাকে বিপুলভাবে মাঠে নামিয়েছিলাম, যা ছিল বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের দিকনির্দেশনা।’
তিনি আরও বলেন, ‘অবশ্য তাদের এই অনুসরণ না করাতে আন্দোলনের তেমন একটা ক্ষতিও হয়নি। কারণ, তারা কখনোই আওয়ামী লীগ বিরোধী হিসাবে পরিচিত ছিলেন না। ফলে তারা মাঠে নামলেও হাসিনা সরকার এটাকে তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করেনি। কেননা এই দলগুলোর দ্বারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে সহযোগিতা হয়ে আসছিল।’
প্রসঙ্গত, সম্প্রতি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে এর ইতিহাস উপস্থাপন ও নেতৃত্ব নিয়ে তীব্র বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়েছে।
এমআই