নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রায়েরবাজার গণকবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। তিনি দাবি করেন, জুলাই গণহত্যা ও গত ১৫ বছরের গুম-খুনের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই।
বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর রায়েরবাজার গণকবরে গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের উদ্যোগে শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলেও গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাদের বিচার দৃশ্যমান অগ্রগতি পায়নি। দ্রুত, নিরপেক্ষ ও নির্ভুলভাবে এসব অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন এবং ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।
গণঅধিকার পরিষদের মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম-খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। তার ভাষায়, জুলাই শহীদদের রক্তে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের অবদানকে আড়াল করার চেষ্টা করেছেন। রাষ্ট্রীয় কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাকেও তিনি সেই ধারাবাহিকতার অংশ বলে দাবি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মহানগর উত্তরের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি আলমগীর অপূর্ব, সাংগঠনিক সম্পাদক সবুজ খান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক আতিকুল মিঠু এবং ছাত্র অধিকার পরিষদ মোহাম্মদপুর থানার সভাপতি জাফরসহ স্থানীয় নেতারা।
এমআর/এআর