Dhaka Mail Logo

রাজনীতি

হাতে পাইপ, মাথায় হেলমেট: আলিয়া মাদরাসায় সংঘর্ষে যুবদলের নয়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায়। সেখানকার শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা তৈরি হয়েছে পুরো এলাকাজুড়ে। সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট ও হাতে প্লাস্টিকের শক্ত পাইপ নিয়ে দেখা গেছে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদরাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নের এমন ছবি ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ে তৎকালিন আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নয়নকে এমন হেলমেট মাথায় দেখা গেছে। এবার ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের সময় তাকে একইভাবে দেখা গেল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার হলের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরেই দুই ছাত্রসংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার বিকেলের দিকে সেই উত্তেজনা উন্মুক্ত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র, পাইপ ও লাঠিসোটা হাতে মুখোমুখি অবস্থান নিতে এবং একে অপরকে ধাওয়া দিতে দেখা যায়।

noyon

এদিকে বিকেলের দিকে আলিয়া মাদ্রাসা এলাকার এ সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তা করতে বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় ঘটনাস্থলে সাদা পাঞ্জাবি পরিহিত, মাথায় হেলমেট ও হাতে সবুজ রঙের পাইপ নিয়ে উপস্থিত হন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

একপর্যায়ে তিনি ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নয়নকে বলতে শোনা যায়, ‘আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান, আমরা আপনাদের সহযোগিতা করব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বেলা ৩টার পরে যখন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় তখন নয়নসহ যুবদলের নেতাকর্মীরা ছিলেন না। তখন শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের পরে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে নয়নসহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও আশপাশের থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দেয়। লাঠি, পাইপ হাতে ও ইট মেরে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলার পরে শিবিরের কয়েকজনকে ধরে বেধড়ক পেটানো হয়। এসময় শিবির সন্দেহে একজনকে আটক করে পুলিশ।  

বিইউ/এআর