নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম
২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন হঠাৎ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন এই আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘এই আন্দোলন ২০১৮ সালের পর থেকে চলমান ধারাবাহিক রাজনৈতিক সংগ্রামেরই ফল।’
শনিবার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন আসিফ।
সাবেক এই উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের আন্দোলন হঠাৎ সৃষ্টি হয়নি। ২০১৮ সালের পর থেকে ধারাবাহিক সংগ্রাম, আন্দোলন এবং রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়েই এ গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘অন্তর্র্বতী সরকারের সময় নেওয়া অনেক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ রাজনৈতিক অসহযোগিতার কারণে বাস্তবায়নে বাধার মুখে পড়েছে। তবে একইসঙ্গে সরকার আরও সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত নিলে সংস্কার প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া সম্ভব হতো।’
এনসিপির মুখপাত্র বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের রাজনৈতিক চেতনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এ আন্দোলনের মাধ্যমে জনগণ আগের তুলনায় অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হয়েছে।’
সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এতে আরও বক্তব্য দেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, আইনজ্ঞ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সহশিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মনির এবং সমাপনী বক্তব্য দেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার।
এএইচ/এএইচ