নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
সমালোচনা করলেই কণ্ঠরোধের চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানালেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘কণ্ঠরোধ করে কখনো দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করা যায় না।’
মঞ্জু আরও বলেন, ‘সমালোচনার জবাব দমনের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দিতে হবে।’
রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি হচ্ছে। শেখ হাসিনার দেশত্যাগের পর অবদান নিয়ে বিতর্ক সৃষ্টি করে যারা জাতীয় অনৈক্য তৈরি করেছে, ব্যর্থতার বড় দায় তাদেরই বহন করতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘৫ আগস্টের পর দুটি সরকার দায়িত্ব পালন করেছে। প্রথমে অন্তর্র্বতী সরকার এবং পরে বিএনপি সরকার। রাষ্ট্র সংস্কার ও মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন না এলে উভয় সরকারকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হলে অন্তর্র্বতী সরকারের প্রথম ছয় মাসের সঙ্গে তুলনামূলক মূল্যায়ন করে দলটি আরেকটি সংলাপের আয়োজন করবে। সেখানে অর্থনীতি, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবনের বাস্তব চিত্র পরিসংখ্যানসহ জনগণের সামনে তুলে ধরা হবে।’
মঞ্জু দাবি করেন, ‘অন্তর্র্বতী সরকারের সময়ে শত শত আন্দোলন হলেও বর্তমান সরকারের গত পাঁচ মাসে দাবি-দাওয়া নিয়ে উল্লেখযোগ্য কোনো আন্দোলন হয়নি।’ তবে শক্তি প্রয়োগ করে সমালোচনার কণ্ঠরোধের চেষ্টা সরকারের জন্য হিতে বিপরীত হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি বলেন, ‘সমালোচনার কণ্ঠরোধ করে কোনো সরকার দীর্ঘমেয়াদে সফল হতে পারেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন তার প্রমাণ।’
সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইনজ্ঞ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ দলের কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মনির। সমাপনী বক্তব্য দেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার।
এএইচ/এএইচ