Dhaka Mail Logo

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের ‎বৃক্ষরোপণ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর‌। তারই অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর রামপুরায় ৩২ জন শহীদের নামে গাছ রোপণ করা হয়।

জানা গেছে, শহীদদের স্মরণে আজ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর‌ শাখার ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদারের নেতৃত্বে ৩২টি নিম গাছের চারা রোপণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তামিম শিকদার, মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক, মো. সোহাগ (১৬), আল হামিম সায়মন, মোহাম্মদ সাইফুল ইসলাম, লিজা (হাফেজা হওয়ার স্বপ্ন দেখতেন), আমির হোসেন, নাদিম হোসেন, মায়া ইসলামসহ অন্যান্য শহীদদের স্মরণে বৃক্ষরোপন করা হয়। 

ছাত্রদল ঢাকা মহানগর উত্তর‌ শাখার ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদার বলেন, আমরা এই কর্মসূচি শুরু করেছি মাত্র। পুরো ঢাকার যেসব পয়েন্টে জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে সেই পয়েন্টগুলোতে একটি করে নিম গাছের চারা রোপণ করা হবে। সেই সঙ্গে আমরা গাছের সঙ্গে সেই শহীদের পরিচয় সম্বলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা কোনোভাবে দেশবাসীকে জুলাই ভুলতে দিতে চাই না। জুলাই শহীদরা আমাদের প্রেরণা। তাদেরকে আমরা সবসময় স্মরণে রাখতে চাই।

এ সময় মহানগর উত্তরের হান্নান সরদার, চঞ্চল শেখ, নাহিদ রানা, বাইজিদ হোসেন, শিপন হোসেনসহ অন্যান্য ছাত্র নেতারা অংশগ্রহণ করেন।

তারা বিএনপি চেয়ারপারসন ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্য পূরণের জন্য জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এমআইকে/এফএ