Dhaka Mail Logo

রাজনীতি / সারাদেশ

জিয়া নিয়ে ব্যবসা করা গেলে জুলাইয়ে অসুবিধা কী, প্রশ্ন মাহমুদা মিতুর

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

বিএনপিকে প্রশ্ন ছুড়ে এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কী।

তিনি বলেন, জুলাইয়ের ব্যবসা করবেন। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কী। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা- স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখব।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্ত ও করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিএনপি কথায় কথায় আমাদের বলেন, জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। এগুলো দিয়ে তারা আমাদের অপমান করতে চায়। এগুলো বলে বলে হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন মানুষ মারা গেছেন। এদের নিয়েও কি ব্যবসা করতে হবে?- প্রশ্ন করেন এনসিপির এই নেত্রী।

বিএনপিকে উদ্দেশ করে মিতু বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন। আপনাদের সাথে আমাদের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই। ভালো রাষ্ট্র উপহার দেওয়ার লড়াই। হাজার বেকার তরুণ ভাইয়ের হাতে চাকরি তুলে দেয়ার লড়াই। আপনাদের সাথে আমাদের লড়াই নারীর সম্মানের লড়াই। 

এই নারী সংসদ সদস্য বলেন, আপনারা একটা চোখ অন্ধ করে ফেলবেন- এসবের ভয় করি আমরা? জিয়া সাইবার ফোর্সের ‘গুণ্ডাগুলা’ লেলিয়ে নোংরা নোংরা ছবি এডিট করে, নোংরা কমেন্ট করে আমাদেরকে দামিয়ে রাখবেন? আমরা এসব পরোয়ার করি না। 

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আজ তারা পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে- ওনারা আমাদের এক দফার ঘোষক নাহিদকে আবার মাটিতে বসিয়ে দিয়েছেন। এটা সরকারের জন্য লজ্জা। আপনারা কি চান নাহিদ, সারজিস, হাসনাত বড় হয়ে না উঠুক। সেজন্যই ওদেরকে মারতেছেন। নাকি ওদেরকে মেরে ফেলে শেখ মুজিবের মতো বাকশাল কায়েম করতে চাচ্ছেন। 

জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- এনপিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্র শক্তির জেলার আহ্বায়ক তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী প্রমুখ।

প্রতিনিধি/এলএ