জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও জারি করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে হবে।
দলটি জানিয়েছে, শৃঙ্খলা কমিটি প্রাপ্ত ব্যাখ্যা ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
টিএই/এমআই