Dhaka Mail Logo

রাজনীতি

সংবিধান সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

সংবিধানের সাধারণ কোনো সংশোধন নয়, বরং এর আমূল সংস্কার চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠতার ছড়ি ঘোরালে তা জনগণ মেনে নেবে না। গণভোটে জনগণের সরাসরি রায়কে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে যশোরের বিডি হলে জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত ২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা সংবিধানের সাধারণ সংশোধন চান না, আমূল সংস্কার চান। তার ভাষ্য, সরকার ৩০ দিনের মধ্যে বৈঠক না ডেকে সংবিধান ও আইন লঙ্ঘন করেছে। সংসদে এসে উভয় পক্ষের সমন্বয়ে সংবিধান সংস্কারের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদের পথে হাঁটলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন।

গণভোটের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, গণভোটে জনগণের সরাসরি রায় এসেছে। সেখানে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের সুযোগ নেই। ভোটাররা সরাসরি ৮৪টি প্রশ্নে ভোট দিয়ে মত দিয়েছেন। সংসদ সদস্যদের ক্ষমতা জনগণের কাছ থেকে অর্পিত। তাই ছোটখাটো সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন সম্ভব নয়। ছয়টি কমিশনের প্রস্তাব অনুযায়ী আমূল সংস্কারই জনগণের প্রত্যাশা বলে দাবি করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, পাচ মাস পার হলেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। সর্বত্র দলীয়করণ বাসা বেঁধেছে। জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে টিআর, কাবিখা এমনকি ইমামদের ভাতাতেও দলীয় লোক বসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে আওয়ামী লীগের সঙ্গে বর্তমান ব্যবস্থার চরিত্রগত কোনো পার্থক্য থাকছে না, শুধু নাম পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে জনগণের রায় মেনে নেওয়া না হলে গণভোটে হ্যাঁ বলা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করতে যশোরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপির জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং জেলা এবি পার্টির সভাপতি ইয়ামিনুর রহমান।

প্রতিনিধি/এআর