Dhaka Mail Logo

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণঅভ্যুত্থান: তাসমিয়া

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে জুলাই গণআন্দোলনের মতো আরেকটি গণঅভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শরিক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাগপা ছাত্র কাফেলা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

তাসমিয়া প্রধান বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ যদি জুলাই সনদ ও গণভোটের পক্ষে রায় দিয়ে থাকে, তবে সেই গণরায় বাস্তবায়ন করতেই হবে। অন্যথায় প্রয়োজন হলে জুলাই গণআন্দোলনের মতো আরেকটি গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে।

তিনি বলেন, গত চার মাসেও দেশে দুর্নীতি ও ঘুষ বন্ধ হয়নি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। এর মূল কারণ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ব্যর্থতা।

জাগপা সভাপতি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরিবর্তে জনগণের গণরায় উপেক্ষা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার এক বিষয় নয়। রাষ্ট্রের মৌলিক কাঠামোয় কার্যকর পরিবর্তন আনতে হলে প্রকৃত অর্থে সংবিধান সংস্কার প্রয়োজন, যা কেবল সংশোধনের মাধ্যমে সম্ভব নয়।

তাসমিয়া প্রধান আরও অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের মতামত উপস্থাপনের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিল বিরোধী দলের হাতে সময়মতো না দিয়েই দ্রুত পাস করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আদালতে মামলা থাকলেও এ বিষয়ে কোনো স্থগিতাদেশ নেই। তাই সরকার চাইলে এখনই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে পারে।

শেষে তিনি বলেন, সরকার যদি জনগণের গণরায় বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।

সভাপতিত্ব করেন জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী। এ ছাড়া জাগপার অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এম/এআর