জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম
রাজধানীর পল্লবী এলাকায় রাতের অন্ধকারে মিছিল করার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে তাদের পল্লবী মেট্রোরেলের নিচ থেকে গ্রেফতার করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি মো. হাসান বাসির।
তিনি জানান, মিরপুর-১২-এর পল্লবী মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়ো হন। তারা এ সময় মিছিল করা ছাড়াও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। ওই সময় রাত্রীকালীন টহল দল সেখানে খবর পেয়ে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে।
এ সময় শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এবং অন্তর ইসলাম বাপ্পি, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর লেখা একটি ব্যানার ও একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। ওই সময় আরও ৫০ থেকে ৬০ জন সেখানে থাকলেও তারা পালিয়ে যান।
গ্রেফেতার ১৭ জনের মধ্যে রূপনগর থানা ছাত্রলীগের সদস্যসচিব সুজন ও নাসিরকে তাদের ব্যবহৃত ফোনসহ আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআইকে/এআর