Dhaka Mail Logo

রাজনীতি

মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ ছেলেটার চোখ ফিরিয়ে দিন: আর্জি পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২৬, ০২:৫৩ এএম

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় হামলার ঘটনায় এক কিশোরের বাঁ-চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিশক্তি হারাতে পারে ওই কিশোর। ছেলেটির চোখ ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৯ জুলাই) দিনগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই আর্জি জানান তিনি।

পাটওয়ারী লিখেছেন, ‘ক্লাস টেনের যে ছেলেটির চোখে আঘাত করা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় তার অপারেশন। সে এখনো বিশ্বাস করে, অপারেশনের পর আবার পৃথিবীকে দেখতে পারবে। অথচ চিকিৎসক জানিয়েছেন, তার একটি চোখ আর কখনোই ফিরে আসবে না। তার চোখ কেড়ে নেওয়া হয়েছে।’

এর পরই প্রধানমন্ত্রীর কাছে তার আর্জি, ‘মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ তার চোখটা ফিরিয়ে দিন। আপনি যেভাবে ইচ্ছা ক্ষমতা চালান- আমরা চুপ করে যাব, তবে একটি নিরপরাধ শিশুর হারানো চোখ ফিরিয়ে দিন।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় স্থানীয় ছাত্রদল এবং যুবদল হামলা চালায় বলে অভিযোগ করা হয়। ওই হামলায় আহত হন এনসিপির দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ বেশি কয়েকজন।

আহতদের মধ্যে একটি কিশোর ছেলেকে দেখা যায়। তার বাম চোখে আঘাতে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কিশোর চোখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে সেই ছবি।

হবিগঞ্জের ওই হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। কর্মসূচি দেওয়া হয় হবিগঞ্জেও। তবে সেখানে পাল্টা কর্মসূচি ডাকে স্থানীয় ছাত্রদল-যুবদলও। পরিস্থিতি সামলাতে জেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

তবে সেই ১৪৪ ধারা উপক্ষা করেই বুধবার (২৯ জুলাই) দুপুরের দিকে গাড়িবহর নিয়ে হবিগঞ্জে রওনা হন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মীরা। কিন্তু শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।

এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে নাহিদ ইসলামদের বাকবিতন্ডা হয়। দলটির শীর্ষ নেতৃত্ব জানান, তারা মঙ্গলবারের হামলার ঘটনায় মামলা করতে এবং আহতদের দেখতে হবিগঞ্জে যাবেন। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় তাদের যেতে বাধা দেয় পুলিশ।

পরে অবশ্য সন্ধ্যার পরে নাহিদ ইসলামসহ হাতে গোনা কয়েকজন হবিগঞ্জে পৌঁছান এবং মঙ্গলবারের হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ছাত্রসংগঠনটি শতাধিক নেতাকর্মীর নামে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলা করেন তারা।

জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে মামলাটি করেছেন। এসময় সেখানে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। 

এএইচ