Dhaka Mail Logo

রাজনীতি / সারাদেশ

হবিগঞ্জে গিয়ে মামলা করব, তারপর ফিরব: নাহিদ

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও তরুণ সংসদ সদস্য নাহিদ ইসলাম সাফ জানিয়েছেন, গতকালকের হামলার ঘটনায় তারা হবিগঞ্জে গিয়ে মামলা করবেন, তারপর ঢাকায় ফিরবেন।’

বুধবার (২৯ জুলাই) দলীয় নেতাকর্মীদের নিয়ে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর পুলিশি বাধার মুখে পড়ার উপস্থিত পুলিশ সদস্যদের এ কথা জানান তিনি। 

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে গেলেও হবিগঞ্জের মিরপুর এলাকায় ফের বাধার মুখে পড়েছেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বসে পড়েন।

ওই পরিস্থিতিতে নাহিদ ইসলাম বলেন, ‘হবিগঞ্জে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। প্রথমে আমাদের শ্রীমঙ্গলে বাধা দেয়া হয়েছে। তারপর কয়েক দফায় বালুর ট্রাক, ট্রাক্টর ইত্যাদি গাড়ি দিয়ে বাধা দিয়েছে। এরপর এখানে পুলিশ আটকে রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি- যেহেতু হবিগঞ্জের পৌর এলকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন, তাই শুধু যাবো এবং মামলা করব, আহতদের দেখব, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চলে আসব। প্রয়োজনে আপনারা (পুলিশ) যতজন বলবেন, আমরা ততজন যাবো।’

নাহিদ দায়িত্বরত পুলিশ সদস্যদের বলেন, ‘আমাদেরকে সহযোগিতা করুন, আমরা এখানে কোনো অশান্তি চাই না। এখানে কিন্তু ১৪৪ ধারা জারি নেই। তারা (পুলিশ) আমাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে। তারা আমাদের যেতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আসছি ঢাকা থেকে হবিগঞ্জে মামলা করব, তারপর যাবো।’

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। 

ওই ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। পাল্টা কর্মসূচি দিয়েছে স্থানীয় বিএনপিও। এই অবস্থায় হবিগঞ্জে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ আদেশ জারি করেন। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিনিধি/এএইচ