নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
হবিগঞ্জে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সব রাজনৈতিক পক্ষের প্রতি দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানিয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে অসহিষ্ণু রাজনৈতিক আচরণ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
তারা বলেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না। আর সেই পরিবর্তন ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উস্কানিমূলক ও অসৌজন্যমূলক আচরণ যেমন পরিহার করতে হবে, তেমনি সহিংস প্রতিক্রিয়া থেকেও বিরত থাকতে হবে।
জমিয়ত নেতারা বলেন, রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে। বিশেষ করে ক্ষমতাসীনদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো উস্কানিকে কেন্দ্র করে সুযোগসন্ধানী মহল দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।
বিবৃতিতে প্রশাসনের প্রতিও সতর্কবার্তা দিয়ে তারা বলেন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে। কোথাও উত্তেজনা বা সংঘাতের আশঙ্কা দেখা দিলে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সংঘাত ও বিশৃঙ্খলার দায় প্রশাসনকেও বহন করতে হবে।
শেষে তারা সব পক্ষকে সংযম ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং সংঘর্ষে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এমআর