জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
সম্প্রতি যৌন নিপীড়নের কয়েকটি অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে পরিকল্পিত ও সম্মিলিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কয়েকটি অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চালানো হচ্ছে। তাঁদের দাবি, ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ভূমিকার কারণে এবং দেশে ইসলামি মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়ায় কওমি মাদ্রাসা আবারও একটি মহলের টার্গেটে পরিণত হয়েছে।
হেফাজতের দুই নেতা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই কওমি মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাংলাদেশবিরোধী শক্তিকে প্রতিরোধেও কওমিভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ভূমিকা পালন করেছে বলে তাঁরা উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসার জায়গাজমি দখলের উদ্দেশ্যে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তোলার ঘটনাও তাঁদের নজরে এসেছে। সুষ্ঠু তদন্তের আগেই কিছু ক্ষেত্রে মিডিয়া ট্রায়াল তৈরি করা হচ্ছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তাঁরা।
তবে হেফাজত নেতারা বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা মাদরাসা—যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। কোনো অভিযোগ তদন্তে প্রমাণিত হলে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর প্রাতিষ্ঠানিক নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই।
একই সঙ্গে তাঁরা দেশের সব ছোট-বড় মাদ্রাসার পরিচালকদের শিক্ষার মান উন্নয়ন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁদের প্রত্যাশা, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
টিএই/এআর