Dhaka Mail Logo

রাজনীতি

ইইউর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে উভয় পক্ষ।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেনের সঙ্গে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

1

বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।

টিএই/এএইচ