জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম
জনসাধারণকে সরকারের কার্ড দেওয়ার নীতির সমালোচনা করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার। তাই দেশকে উৎপাদনমুখী ও এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছটিকে বৃক্ষে পরিণত করতে সমর্থন করুন। আমরা প্রতারণা করবো না।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপি অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে বিকেলে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই পথসভা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির জিঞ্জিরে আটকে যায়। যে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। এসব থেকে বেরিয়ে আসতে হবে। আর সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে।
আরও পড়ুন
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত
দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হাসনাতের
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, রাজপথে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। দেশের ৫১ শতাংশ নারীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এ জন্য নারীদের রাজনীতিতে সক্রিয় করতে হবে।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক প্রকৌশলী ইরফান কাদির, এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান প্রমুখ।
প্রতিনিধি/জেবি