বোরহান উদ্দিন
১৯ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের ভিত মজবুত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। দীর্ঘদিনের কোন্দল, নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে দেশের সব স্তরের কমিটি পুনর্গঠনের ওপর জোর দিচ্ছে দলীয় হাইকমান্ড। একই সঙ্গে, প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী নির্ধারণে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। প্রায় সাড়ে তিন ঘণ্টার ওই বৈঠকে সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্ব, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের তাগিদ এবং স্থানীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
তৃণমূল পুনর্গঠনে কঠোর বার্তা
বৈঠক সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত চলা বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ সমস্যা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তারেক রহমান স্পষ্ট জানিয়ে দেন, স্থানীয় নির্বাচনের আগেই ‘কেন্দ্র থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে কেন্দ্র’ পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে হবে। তড়িঘড়ি করে কোনো ‘পকেট কমিটি’ না করার পাশাপাশি অন্য দল থেকে আসা বিতর্কিত ও সুবিধাবাদীদের দলে জায়গা না দেওয়ার বিষয়েও সতর্ক করেন বিএনপি প্রধান।
সম্মেলনের মাধ্যমে দলের ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব বাছাইয়ের ওপর গুরুত্ব দেন তারেক রহমান।
পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি কুমিল্লা মহানগর ও কুমিল্লা উত্তর জেলাসহ বেশ কিছু অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রতীকবিহীন নির্বাচনে একক প্রার্থী ফর্মুলা
দলীয় প্রতীক ছাড়া এবারের স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও ভেতরে-ভেতরে কোন্দল ও একাধিক প্রার্থী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৈঠকে রংপুর বিভাগের জেলা নেতারা এ বিষয়ে কেন্দ্র থেকে সুনির্দিষ্ট গাইডলাইন চান।
আরও পড়ুন: জুলাইয়ের ঐক্য ভাঙল কীভাবে, দায় কাদের?
জবাবে তারেক রহমান নির্দেশ দেন, নির্বাচন সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত ও নির্দলীয় হলেও দলীয় শৃঙ্খলা কোনোভাবেই ভাঙা যাবে না। স্থানীয় পর্যায়ে যাতে একাধিক প্রার্থী দাঁড়িয়ে নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি না হয়, সেজন্য স্থানীয় নেতাদের আলোচনার ভিত্তিতে ‘একক প্রার্থী’ চূড়ান্ত করতে হবে। দলের সিদ্ধান্ত যেন সামষ্টিক ও ঐক্যবদ্ধ হয়, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।
যা বলছেন নেতারা
বৈঠক শেষে পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা মেইলকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এবং দলের পুনর্গঠন কার্যক্রম নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। নির্বাচনে দলের একক প্রার্থী কীভাবে নির্ধারণ করা যায় এবং সবাই কীভাবে ঐক্যবদ্ধ থাকবে, তা নিয়েই মূল আলোচনা হয়েছে।’
বৈঠকে অংশ নেওয়া আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেইলকে বলেন, ‘দলীয় প্রধান আমাদের কাছে জানতে চেয়েছেন সংগঠন কোথায় কী অবস্থায় আছে, কোথায় কী সমস্যা রয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। নির্বাচন পুরোপুরি নির্দলীয় হলেও প্রার্থীরা যেহেতু দলের ভাবমূর্তি বহন করবেন, তাই দল যেন সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকে-সে বিষয়ে তিনি (তারেক রহমান) বিশেষ গুরুত্ব দিয়েছেন।
দলের নিয়মিত পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেন, ‘পুনর্গঠন বা সংযোজন-বিয়োজন দলের অভ্যন্তরীণ রুটিন ওয়ার্ক। নতুন কমিটি গঠন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এই সাংগঠনিক প্রক্রিয়া দেশজুড়ে চলমান থাকবে।
বিইউ/এমআর